লেটেস্ট নিউজ

মন্তেশ্বরে তৃণমূলের প্রার্থী ঘিরে রণক্ষেত্র গোষ্ঠীদ্বন্দ্বে রক্তাক্ত বিধানসভা ভোটের প্রচার – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর। বর্তমান বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে পুনরায় প্রার্থী করার প্রতিবাদে সরব হন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের অনুগামীরা। প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার রাতভর দীর্ঘনগর গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে, যা মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে যৌথভাবে ময়দানে নামতে হয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে সিদ্দিকুল্লাহ চৌধুরীর এক অনুগামী গুরুতর জখম হয়েছেন। পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তির ব্যবস্থা করে। বর্তমানে এলাকা থমথমে থাকায় এবং শান্তি বজায় রাখতে মোড়ে মোড়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, নিচুতলার কর্মীদের আবেগকে গুরুত্ব না দিয়েই এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। এই ঘটনায় দলের অভ্যন্তরীণ ফাটল প্রকট হওয়ায় ভোটের মুখে চরম অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। পরিস্থিতি সামাল দিতে জেলা নেতৃত্ব কী ভূমিকা নেয় এবং বিক্ষুব্ধ কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে পারে কি না, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *