দক্ষিণ ২৪ পরগনায় ভোটের পারদ তুঙ্গে প্রচারের ময়দানে তৃণমূল, বিজেপি ও সিপিএম – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ ২৪ পরগনায় প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারের ময়দান সরগরম হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কর্মিসভার মাধ্যমে নবাগত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। কুলপির বর্ণালী ধাড়া ও রায়দিঘির তাপস মণ্ডলের মতো প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের সমর্থনে মথুরাপুরের সাংসদ বাপি হালদার প্রস্ততি বৈঠকে অংশ নেন। পাশাপাশি দেওয়াল লিখনের মাধ্যমেও প্রচারের কাজ এগিয়ে রাখছেন শাসকদলের প্রার্থীরা।
পাল্টা প্রস্তুতিতে পিছিয়ে নেই বিজেপি ও বামপন্থীরাও। রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা বৃহস্পতিবার বিশাল বাইক মিছিলের মাধ্যমে জনসংযোগ শুরু করেছেন। অন্যদিকে বাসন্তীর বিজেপি প্রার্থী বিকাশ সর্দার মন্দিরে পুজো দিয়ে এবং কর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠকের মাধ্যমে প্রচার কৌশল সাজাচ্ছেন। পিছিয়ে নেই সিপিএম-ও; কাকদ্বীপের প্রার্থী নারায়ণ দাস বাজার পরিক্রমা ও পদযাত্রার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
আপাতত রাজনৈতিক দলগুলো ছোট ছোট কর্মসূচি এবং জনসংযোগের ওপর জোর দিচ্ছে। তৃণমূলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের পর পুরোদমে বড় আকারে প্রচার শুরু হবে। হাতে প্রায় দেড় মাস সময় থাকায় প্রার্থীরা এখন থেকেই এলাকাভিত্তিক প্রচার এবং ইস্যু ভিত্তিক আলোচনার মাধ্যমে রণকৌশল চূড়ান্ত করতে ব্যস্ত। সব মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনার প্রতিটি বুথে এখন ভোটের আগাম আবহ স্পষ্ট।

