জ্বালানি সংকটে ভারতের কড়া অবস্থান প্রতিবেশী দেশগুলোর অনুরোধের আগে ‘জাতীয় স্বার্থ’ প্রাধান্য – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালীর অবরোধের জেরে তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে দক্ষিণ এশিয়া। এই পরিস্থিতিতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ ভারতের কাছে জরুরি জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে। তবে ভারত সরকার স্পষ্ট জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর চাহিদা বিবেচনার আগে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো এবং ‘জাতীয় স্বার্থ’ রক্ষা করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
বিদ্যমান সংকটের কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় জ্বালানি সংরক্ষণে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে মালদ্বীপে পেট্রোল ও ডিজেলের দাম আকাশচুম্বী। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর উদ্বৃত্ত থাকলেই কেবল রপ্তানির বিষয়টি বিবেচনা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, প্রাপ্যতা সাপেক্ষে অনুরোধগুলো খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় হয়েছে নয়াদিল্লি। আকাশসীমা বন্ধ থাকায় স্থলপথে আর্মেনিয়া ও আজারবাইজান হয়ে ৭০০-র বেশি ভারতীয়কে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরান ও শিরাজসহ বিভিন্ন শহরে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে নিতে দূতাবাস নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

