ইরান ও হরমুজ প্রণালী উদ্ধারে মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর পরিকল্পনা ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণমুক্ত করতে এবং সে দেশের তেল শিল্পের কেন্দ্রবিন্দু খার্গ দ্বীপের ওপর আধিপত্য বজায় রাখতে মধ্যপ্রাচ্যে হাজার হাজার সেনা পাঠানোর পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ইতিমধ্যে ইরানের ওপর ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিক্ষেপ করেছে এবং এখন স্থল অভিযানের মাধ্যমে বর্তমান শাসনব্যবস্থা উপড়ে ফেলতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে মার্কিন প্রশাসন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন বা সরাসরি ইরানে প্রবেশের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিশেষজ্ঞদের মতে, ইরাক বা আফগানিস্তানের তুলনায় ইরানে স্থল অভিযান চালানো আমেরিকার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং হবে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় দেশটি দীর্ঘ নিষেধাজ্ঞা ও যুদ্ধে দুর্বল থাকলেও, বর্তমান ইরান সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী এবং সুসংগঠিত। ইরানের বিশাল ভৌগোলিক আয়তন ও জনসংখ্যা মার্কিন বাহিনীর জন্য প্রতিকূল হতে পারে। এছাড়া ইরানে হামলা চালালে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হাউথি বিদ্রোহীরাও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।
এই সম্ভাব্য যুদ্ধ শুধুমাত্র সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও আমেরিকার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। শত শত বিলিয়ন ডলার ব্যয়ের ফলে মার্কিন অর্থনীতিতে প্রচণ্ড চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে বিশ্বজুড়ে চরম অর্থনৈতিক সংকট তৈরি হলে আন্তর্জাতিক মহলে ট্রাম্প প্রশাসন একঘরে হয়ে যেতে পারে। ফলে ভূ-রাজনৈতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে এই অভিযান শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

