সিবিআই মামলায় ধাক্কা শাহজাহানের, জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের মামলায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান ও আলমগীরের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি চলাকালীন আবেদনকারীদের কোনো যুক্তিই ধোপে টেকেনি। আদালত জানিয়েছে, তদন্তে উঠে আসা নতুন তথ্যের ভিত্তিতে নতুন করে আবেদন জানাতে হবে, তাই বর্তমান পরিস্থিতিতে জামিন মঞ্জুর করা সম্ভব নয়।
২০১৯ সালের জুনে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ঘটা ওই হত্যাকাণ্ডের পাঁচ বছর পর হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। শাহজাহানের আইনজীবীর পক্ষ থেকে সাক্ষীদের বয়ান ও চার্জশিট সংক্রান্ত নানা আইনি যুক্তি পেশ করা হলেও বিচারপতি তাতে গুরুত্ব দেননি। সিবিআই ইতিমধ্যেই এই ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, শাহজাহান বর্তমানে রেশন দুর্নীতি মামলার তদন্তে যাওয়া ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় জেলবন্দি রয়েছেন। খুনের মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে জমি দখল ও আর্থিক জালিয়াতিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। ইতিপূর্বে ২০২২ সালের একটি খুনের মামলায় তিনি জামিন পেলেও, বর্তমান সিবিআই মামলায় আদালতের এই কড়া অবস্থানে তাঁর আইনি অস্বস্তি আরও বৃদ্ধি পেল।

