যুদ্ধ আবহে স্বস্তি টানা তিনদিন গুজরাত বন্দরে ভিড়ল বিশালাকার জ্বালানি ট্যাঙ্কার – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির মাঝেই ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে স্বস্তির খবর মিলেছে। গত তিন দিনে টানা তিনটি বিশাল জ্বালানি ট্যাঙ্কার গুজরাতের বন্দরে এসে পৌঁছেছে। বুধবার ভারতীয় পতাকাবাহী ‘জগ লড়কি’ নামক ভেসেলটি সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা বন্দর থেকে প্রায় ৮০ হাজার ৮৮৬ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে মুন্দ্রা বন্দরে ভিড়েছে।
এর আগে মঙ্গলবার ৪৬ হাজার ৫০০ মেট্রিক টন এলপিজি নিয়ে হরমুজ প্রণালী পেরিয়ে ভাদিনার বন্দরে পৌঁছেছিল ‘নন্দাদেবী’ নামক এলপিজি ক্যারিয়ার। সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার ‘শিবালিক’ নামক প্রথম জাহাজটি মুন্দ্রা বন্দরে পৌঁছে এই ধারার সূচনা করেছিল। পরপর তিনটি জাহাজের সফল আগমন দেশের বর্তমান জ্বালানি মজুত ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রতিকূল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এই সরবরাহ প্রক্রিয়া নিরবচ্ছিন্ন রয়েছে। পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ জলপথ পেরিয়ে একের পর এক জাহাজের সফল নোঙর করা ভারতের বাণিজ্যিক ও কৌশলগত কূটনীতির বড় সাফল্য। এই ধারাবাহিক সরবরাহ অভ্যন্তরীণ বাজারে জ্বালানির স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

