সাশ্রয়ী হচ্ছে ওজন কমানোর ওষুধ, সেমাগ্লুটাইডের পেটেন্ট ফুরোতেই দাম কমার ইঙ্গিত – এবেলা
এবেলা ডেস্কঃ
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও ওজন কমানোর চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনা ওষুধ ‘ওজেম্পিক’ ও ‘উইগোভি’-র মূল উপাদান সেমাগ্লুটাইডের পেটেন্ট শেষ হতে চলেছে। ডেনমার্কের প্রস্তুতকারী সংস্থা নোভো নরডিস্কের এই একচেটিয়া অধিকার ফুরিয়ে আসায় এখন অন্যান্য ওষুধ সংস্থাগুলি এই একই অণু ব্যবহার করে জেনেরিক সংস্করণ বাজারে আনতে পারবে। ২০ মার্চ থেকে পেটেন্ট সুরক্ষা শিথিল হওয়ার এই প্রক্রিয়ায় ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলি বিশেষভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, জেনেরিক সংস্করণ বাজারে এলে ওষুধের দাম প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। বর্তমানে এই চিকিৎসার উচ্চমূল্য সাধারণ রোগীদের নাগালের বাইরে থাকলেও, প্রতিযোগিতা বাড়লে মাসিক খরচ অনেকটাই হ্রাস পাবে। ভারতের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি ইতিমধ্যেই এই সস্তা সংস্করণ তৈরির প্রস্তুতি শুরু করেছে। এতে টাইপ-২ ডায়াবেটিস এবং স্থূলতার সমস্যায় ভোগা লক্ষ লক্ষ মানুষের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা গ্রহণ করা সহজতর হবে।
সেমাগ্লুটাইড মূলত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং খিদে কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। যদিও নোভো নরডিস্ক তাদের বিশেষ ডেলিভারি ডিভাইস ও ফর্মুলেশনের মাধ্যমে বাজারে আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে, তবুও জেনেরিক ওষুধের প্রবেশে একচেটিয়া বাজার ভাঙবে। আগামী কয়েক বছরে বিশ্ববাজারে এই ওষুধের সহজলভ্যতা বাড়লে ডায়াবেটিস ও ওবেসিটি মোকাবিলায় এক নতুন অধ্যায় সূচিত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

