সাহারার আমানতকারীদের জন্য বিরাট সুখবর ১০ লক্ষ টাকা পর্যন্ত রিফান্ড পাওয়ার সুযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সাহারা ইন্ডিয়ার বিনিয়োগকারীদের জন্য রিফান্ড প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে কেন্দ্র। এখন থেকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত ফেরতের জন্য আবেদন করা যাবে। বিশেষ করে যাদের আবেদন আগে যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়েছিল, তারা নতুন ‘রিসাবমিশন পোর্টাল’-এর মাধ্যমে পুনরায় নিজেদের দাবি পেশ করার সুযোগ পাবেন। এই উদ্যোগের ফলে বড় অঙ্কের আমানতকারীরা দীর্ঘ সময় পর তাদের জমাকৃত অর্থ ফিরে পাওয়ার আশা দেখছেন।
নতুন নির্দেশিকা অনুযায়ী স্বচ্ছতা বজায় রাখতে বিনিয়োগকারীদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর যুক্ত থাকা বাধ্যতামূলক। সঠিক নথিপত্র সহ আবেদন জমা দেওয়ার ৪৫ দিনের মধ্যে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করে সরাসরি ডিবিটি-র মাধ্যমে অর্থ প্রদান করা হবে। প্রথম ৩০ দিনে নথির সত্যতা যাচাই এবং পরবর্তী ১৫ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই সময়োপযোগী পদক্ষেপ লক্ষ লক্ষ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর মুখে হাসি ফোটাবে বলে মনে করা হচ্ছে।

