ডেবরায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজকীয় প্রবেশ দেওয়াল লিখে প্রচার শুরু তৃণমূল প্রার্থীর – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রচার শুরু করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে ডেবরায় পৌঁছালে কর্মীরা তাঁকে রাজকীয় সংবর্ধনা জানান। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজের হাতে দেওয়াল লিখে নির্বাচনী লড়াইয়ের ডাক দেন তিনি। বিদায়ী বিধায়ক হুমায়ুন কবিরের আসামাপ্ত কাজ সম্পন্ন করা এবং এলাকার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাজীব।
তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা উড়িয়ে দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দলের মধ্যে কোনো মতপার্থক্য নেই এবং কর্মীরা প্রথম দিন থেকেই ঐক্যবদ্ধ। জেলা সভাপতি অজিত মাইতিও জয়ের ব্যবধান দ্বিগুণ হওয়ার আশাপ্রকাশ করেছেন। অন্যদিকে, ডেবরায় তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে বিজেপি শিক্ষক ও ভূমিপুত্র শুভাশিস ওমকে প্রার্থী করেছে। যদিও রাজনৈতিক মহলের মতে শুভাশিসবাবু তুলনামূলকভাবে নতুন মুখ, তবে বিজেপি নেতৃত্ব তাঁর স্বচ্ছ ভাবমূর্তিকে হাতিয়ার করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
নির্বাচনী ময়দানে দুই পক্ষের রণকৌশল এখন তুঙ্গে। একদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় ফায়ার ব্রিগেড ও সেতুর মতো পরিকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, অন্যদিকে বিজেপি ‘ঘরের ছেলে’ বনাম ‘বহিরাগত’ তত্ত্বে শান দিচ্ছে। ডেবরাবাসীর দীর্ঘদিনের কর্মসংস্থান ও বঞ্চনার অভিযোগকে সামনে রেখে প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির। তৃণমূল ও বিজেপির এই দ্বিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত ডেবরা কার দখলে যায়, এখন সেটাই দেখার।

