তুফানগঞ্জের ঘরের ছেলে শিবশংকর লক্ষ্য কলকাতার স্পোর্টস হস্টেল ও এলাকার সার্বিক উন্নয়ন – এবেলা
এবেলা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর ৮০০ কিমি পথ গাড়ি চালিয়ে নিজের জন্মভিটে কোচবিহারে পৌঁছালেন প্রাক্তন তারকা ক্রিকেটার শিবশংকর পাল (ম্যাকো)। ঘরের ছেলেকে প্রার্থী করায় তুফানগঞ্জের মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে। বর্তমান বিধায়ক মালতী রাভা রায়ের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামলেও, শিবশংকর নিজের শৈশবের স্মৃতি এবং মাটির টানেই জয়ের ব্যাপারে আশাবাদী।
প্রাক্তন এই পেসারের প্রধান লক্ষ্য তুফানগঞ্জের ছাত্রছাত্রী ও ক্রীড়াবিদদের জন্য কলকাতায় একটি ‘নর্থবেঙ্গল স্পোর্টস হস্টেল’ নির্মাণ করা। তিনি জানান, প্রান্তিক এলাকার ছেলেমেয়েদের জন্য কলকাতায় গিয়ে লড়াই করা কতটা কঠিন তা তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বোঝেন। এছাড়া দীর্ঘদিনের দাবি মেনে জালধোয়া সেতু নির্মাণ এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়নেও তিনি বিশেষ জোর দিতে চান।
রাজনীতির আঙিনায় নতুন হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করেই নির্বাচনী লড়াইয়ে নেমেছেন শিবশংকর। জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে তিনি ইতিমধ্যেই প্রচারের রণকৌশল সাজাতে শুরু করেছেন। বাইশ গজের লড়াই ছেড়ে এবার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করাই তাঁর মূল লক্ষ্য বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই তারকা প্রার্থী।

