লেটেস্ট নিউজ

টিকিট না পেলেও প্রার্থীর পাশে জোৎস্না রানিবাঁধে বিজেপি রুখতে তৃণমূলের এককাট্টা প্রচার – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভায় টিকিট না পেয়েও দলের প্রতি আনুগত্য বজায় রেখে নতুন প্রার্থীর হয়ে প্রচারে নামলেন বিদায়ী মন্ত্রী জোৎস্না মাণ্ডি। বুধবার রানিবাঁধ বাজারে তৃণমূল প্রার্থী তনুশ্রী হাঁসদাকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিলে অংশ নেন তিনি। দলীয় কো-অর্ডিনেটর রাজকুমার সিংহ ও ব্লক সভাপতি উত্তম কুম্ভকারের উপস্থিতিতে এই জনসংযোগ কর্মসূচির মাধ্যমে অভ্যন্তরীণ বিরোধের জল্পনায় জল ঢেলে বিজেপিকে রুখে দেওয়ার ডাক দেন জোৎস্নাদেবী।

নির্বাচনী ময়দানে নেমে প্রার্থী তনুশ্রী হাঁসদা নিজের জয় নিয়ে সংকল্প প্রকাশ করেছেন। দীর্ঘদিনের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জোৎস্না মাণ্ডি স্পষ্ট জানান, দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তিনি আজীবন তৃণমূলের সঙ্গেই থাকবেন। অন্যদিকে, রানিবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু পালটা জনসংযোগ সেরে দাবি করেছেন যে, সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।

একই দিনে তালডাংরা ও রাইপুর কেন্দ্রেও তৃণমূল প্রার্থীদের ব্যস্ততা ছিল তুঙ্গে। তালডাংরার প্রার্থী ফাল্গুনী সিংহবাবু মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন, অন্যদিকে রাইপুরের ঠাকুরমণি সোরেনও মিছিল ও ব্লক নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে রণকৌশল সাজান। পালটা হিসেবে বিজেপি ও সিপিএম প্রার্থীরাও সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও সাংগঠনিক বৈঠক সেরে নির্বাচনের উত্তাপ বাড়িয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *