শুভেন্দুর ভবানীপুর সফরের আগেই চরমে রাজনৈতিক পারদ, রণক্ষেত্র সামলাতে নামল বিশাল পুলিশ বাহিনী – এবেলা
এবেলা ডেস্কঃ
ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আগমনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। আজ সকালে চক্রবেড়িয়া এলাকায় বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আসার কথা ছিল তাঁর। এই খবর জানাজানি হতেই পাল্লা দিয়ে বাড়তে থাকে রাজনৈতিক উত্তেজনা। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, শুভেন্দুর জনপ্রিয়তায় ভীত হয়েই এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে শাসক দল।
বিজেপি অফিসের ঠিক উল্টোদিকে দেওয়াল লিখনের অছিলায় তৃণমূল কর্মীদের জমায়েতকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। শুভেন্দু অধিকারী পৌঁছানোর আগেই ‘জয় বাংলা’ স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। দুপক্ষের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। রাজনৈতিক মহলের মতে, নিজেদের জমি ধরে রাখতে মরিয়া শাসক শিবির পরিকল্পিতভাবে এই রণনীতি গ্রহণ করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। গেরুয়া শিবিরের প্রস্তুতি ও অন্যপক্ষের উস্কানিমূলক স্লোগানে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের হস্তক্ষেপে বড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো গেলেও গোটা এলাকায় এখনও থমথমে ভাব বিরাজ করছে। বিরোধী দলনেতা কার্যালয়ে পৌঁছানোর পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সকলের।

