ভারত-পাকিস্তান সংঘাতে পরমাণু যুদ্ধের ঝুঁকি নিয়ে মার্কিন গোয়েন্দা রিপোর্টের সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকার ‘ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স’ প্রকাশিত সাম্প্রতিক এক গোয়েন্দা রিপোর্টে ভারত ও পাকিস্তানের মধ্যকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মার্কিন সেনেটে পেশ করা ৩৪ পাতার এই প্রতিবেদনে জানানো হয়েছে যে, ভারত বা পাকিস্তান কেউই বর্তমানে সরাসরি সামরিক সংঘর্ষে জড়াতে আগ্রহী নয়। তবে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনার কারণে পারমাণবিক সংঘাতের ঝুঁকি এখনও পুরোপুরি নির্মূল হয়নি।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সীমান্ত এলাকায় সক্রিয় বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর আকস্মিক কোনো নাশকতামূলক কর্মকাণ্ড দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধের অনুঘটক হিসেবে কাজ করতে পারে। গত বছর জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার উদাহরণ টেনে বলা হয়েছে, এ জাতীয় ঘটনা যেকোনো সময় পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে সক্ষম। যদিও অতীতে আন্তর্জাতিক হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়েছে, তবুও বর্তমান প্রেক্ষাপটে স্থায়ী শান্তির অভাব রয়েই গেছে।
অন্যদিকে, দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতা রক্ষায় আফগানিস্তানের তালিবান সরকারের ভূমিকা এবং পাকিস্তানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে যা আঞ্চলিক সীমানা ছাড়িয়ে আঘাত হানতে সক্ষম, যা আমেরিকার জন্যও উদ্বেগের কারণ হতে পারে। একইসাথে আইএস-খোরাসানের মতো জঙ্গিগোষ্ঠীগুলোর তৎপরতা কমানোর ক্ষেত্রে তালিবানের অভিযানের বিষয়টিকেও এই প্রতিবেদনে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে।

