বোরখা পরে ৮০ লাখের লুটপাট চালিয়েও শেষরক্ষা হলো না বাবা ও ছেলের – এবেলা
এবেলা ডেস্কঃ
বেঙ্গালুরুর নগওয়ারা এলাকায় একটি ইলেকট্রনিক্স দোকানে বোরখা পরে চুরির ঘটনায় এক যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত হেমন্ত মঞ্জুনাথ ওই দোকানের প্রাক্তন কর্মী ছিলেন। বকেয়া বেতন নিয়ে বিবাদের জেরে প্রতিশোধ নিতেই তারা এই কাণ্ড ঘটান বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজ এবং মোটরসাইকেলের সূত্র ধরে মাত্র ১২ ঘণ্টার অভিযানে তাদের পাকড়াও করা হয়।
দোকানের তালা ভেঙে প্রায় ৮০ লক্ষ টাকা মূল্যের ৪৪৪টি র্যাম, ২৭৯টি এসএসডি এবং নগদ ২.৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছিল এই চক্র। পুলিশ টি চান্নাইয়া লেআউট থেকে সমস্ত লুণ্ঠিত সামগ্রী উদ্ধার করেছে। বর্তমানে গোবিন্দপুরা থানায় মামলা দায়ের করে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। অভিযুক্তরা এখন শ্রীঘরে।

