লেটেস্ট নিউজ

বিয়ে বিতর্ক ছাপিয়ে হাওড়ার শ্যামপুরে প্রার্থী হিরণ, চ্যালেঞ্জ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী বিদায়ী বিধায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্যক্তিগত জীবন ও দ্বিতীয় বিবাহ নিয়ে চলা প্রবল বিতর্কের মাঝেই বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় জায়গা করে নিলেন অভিনেতা-রাজনীতিবিদ হিরণ চট্টোপাধ্যায়। খড়্গপুরের বিদায়ী বিধায়ক হওয়া সত্ত্বেও এবার নিজের চেনা কেন্দ্র হাতছাড়া হয়েছে তাঁর। দলের সিদ্ধান্তে খড়্গপুরের পরিবর্তে হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী নদেবাসী জানার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

খড়্গপুর থেকে টিকিট না পাওয়া প্রসঙ্গে হিরণ জানান, দল এক বছর আগেই তাঁকে এই পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দিয়েছিল। তাঁর দাবি, ১৯৫১ সালের পর খড়্গপুরে যে উন্নয়ন হয়েছে, তা তাঁর আমলেই সম্ভব হয়েছে। টিকিট না পাওয়া নিয়ে জল্পনা থাকলেও, শেষ পর্যন্ত দল তাঁর ওপর ভরসা রাখায় তিনি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত জীবন নিয়ে আইনি জটিলতা বা বিতর্ককে তিনি রাজনৈতিক ময়দানে আমল দিতে নারাজ।

শ্যামপুরের কঠিন লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে হিরণ বলেন, তিনি ভিন রাজ্যে নয়, বরং নিজের রাজ্যেই লড়াই করছেন। তাঁর মূল লক্ষ্য বাংলায় নরেন্দ্র মোদির সুশাসন এবং বিজেপি সরকার প্রতিষ্ঠা করা। নিজের জয়ের চেয়েও রাজ্যে রাজনৈতিক পরিবর্তন আনাকেই বর্তমানে প্রধান অগ্রাধিকার দিচ্ছেন এই তারকা প্রার্থী। এখন দেখার, শ্যামপুরের মাটিতে তিনি খড়্গপুরের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে পারেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *