বদল হচ্ছে রণকৌশল: বাংলায় মোদির ১২টি মেগা জনসভা, প্রচারে থাকছেন অমিত শাহও – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে বাংলায় ঝোড়ো প্রচারে নামছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১২টি জনসভা করবেন বলে দলীয় সূত্রে খবর। এর মধ্যে উত্তরবঙ্গে ৩টি এবং দক্ষিণবঙ্গে ৯টি সভা হওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও পাল্লা দিয়ে রাজ্যে একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেবেন।
শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের নির্বাচনী কেন্দ্রে মোদির উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে। নন্দীগ্রামে শুভেন্দুর সমর্থনে কাঁথিতে এবং খড়গপুর সদরে দিলীপ ঘোষের জন্য জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। মূলত কোচবিহার, শিলিগুড়ি, বালুরঘাট, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোদির সভার প্রস্তুতি শুরু হয়েছে। গত নির্বাচনে যেসব এলাকায় সভা হয়েছিল, এবার রণকৌশল বদলে নতুন জায়গায় জোর দিচ্ছে গেরুয়া শিবির।
বিজেপি নেতৃত্ব চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত প্রচারসূচি তৈরি করতে চাইছে। চলতি মাসের শেষ থেকেই পুরোদমে শুরু হবে এই প্রচার অভিযান। প্রতিটি জনসভায় স্থানীয় প্রার্থীদের নিয়ে ভোটারদের কাছে সশরীরে আবেদন জানাবেন প্রধানমন্ত্রী। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের সাংগঠনিক বিভাগগুলোতে প্রচারের রূপরেখা ইতিমধ্যেই সাজিয়ে ফেলা হয়েছে।

