ভোটের আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, বোনাস বাড়াল রাজ্য সরকার – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য ও কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের জন্য অ্যাড-হক বোনাস ৬০০ টাকা বৃদ্ধি করে ৭,৪০০ টাকা করা হয়েছে। নবান্নের জারি করা নতুন এই নির্দেশিকা অনুযায়ী গ্রাম পুলিশ ভলান্টিয়াররাও এই বর্ধিত সুবিধার আওতায় পড়বেন। পুলিশ কমিশনার এবং ডিরেক্টর জেনারেল অফ পুলিশকে এই বোনাস বন্টন প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজ্যে বর্তমানে কর্মরত প্রায় ১.২৪ লক্ষ সিভিক ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার কাজে পুলিশকে সহায়তা করেন। বোনাস বৃদ্ধির পাশাপাশি সরকার পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের বিষয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যুবসাথী প্রকল্পের সুবিধাও নির্ধারিত সময়ের আগেই উপভোক্তাদের প্রদান করা শুরু হয়েছে।

