সংযুক্ত আরব আমিরাতে বড় সিদ্ধান্ত, খোলা মাঠ বা ইদগাহে নমাজ পাঠে নিষেধাজ্ঞা – এবেলা
এবেলা ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রশাসন চলতি বছর ইদ-উল-ফিতরের নমাজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, এবার ইদের নমাজ শুধুমাত্র মসজিদের অভ্যন্তরেই আদায় করতে হবে। দীর্ঘদিনের প্রচলিত রীতি মেনে খোলা মাঠ, রাস্তা বা নির্দিষ্ট ইদগাহে বড় কোনো জমায়েত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার।
মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কথা বিবেচনা করে জননিরাপত্তার স্বার্থে এই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ইউএই-র ইসলামিক অ্যাফেয়ার্স, ওয়াকফ ও জাকাত বিষয়ক জেনারেল অথরিটি জানিয়েছে, ন্যাশনাল ইমারজেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বিশৃঙ্খলা এড়াতে এবং ভিড় নিয়ন্ত্রণ করতেই এমন কঠোর পদক্ষেপ।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, দেশের প্রতিটি আমিরাতের মসজিদগুলোকে ইদের নমাজের জন্য বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে নমাজ সম্পন্ন করতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনার নিশ্চয়তা দিয়েছে প্রশাসন। জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করাই এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

