বিজেপির প্রার্থী তালিকায় খুনে অভিযুক্ত ও এলাকাছাড়াদের দাপট ঘিরে বাড়ছে বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় একাধিক খুনে অভিযুক্তের নাম উঠে আসায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বীজপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুদীপ্ত দাসকে, যিনি তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত এবং আদালতের নির্দেশে বর্তমানে এলাকাছাড়া। একইভাবে মঙ্গলকোটে প্রার্থী হয়েছেন খুনে অভিযুক্ত শিশির ঘোষ। এই সিদ্ধান্ত নিয়ে দলের অন্দরেই ক্ষোভ দানা বাঁধছে, বিশেষ করে যেখানে আইনি নিষেধাজ্ঞার কারণে প্রার্থীর সশরীরে প্রচারে নামার সুযোগ নেই।
তালিকায় ১১২টি আসনের মধ্যে ব্যাপক রদবদল ঘটিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দেওয়ার চেষ্টা করেছে গেরুয়া শিবির। হিরণ চট্টোপাধ্যায় থেকে শুরু করে নিশীথ প্রামাণিক পর্যন্ত অনেকেরই আসন পরিবর্তন করা হয়েছে, আবার বাদ পড়েছেন বেশ কিছু বিদায়ী বিধায়ক। রুপা গঙ্গোপাধ্যায় ও ভরত ছেত্রীর মতো পরিচিত মুখদের প্রার্থী করে চমক দেওয়ার চেষ্টা করলেও, ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা বাকি থাকায় বিজেপির অন্দরে জট এখনো কাটেনি।

