লেটেস্ট নিউজ

কুমোরটুলির শোলা ও ফাইবারের বাসন্তী প্রতিমা এবার পাড়ি দিল নিউ জার্সি ও ব্রিটেনে – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার কুমারটুলির মুকুটে যুক্ত হলো নতুন পালক। এই প্রথম শোলা শিল্পী শম্ভুনাথ মালাকারের তৈরি দুটি বিশেষ বাসন্তী প্রতিমা বিমানে চেপে পাড়ি দিয়েছে নিউ জার্সি ও ব্রিটেনে। দীর্ঘ ছয় মাসের পরিশ্রমে শিল্পী ও তাঁর পুত্র মিলে তৈরি করেছেন এই নিঁখুত শিল্পকর্ম। বিদেশের পাশাপাশি ওড়িশা, মুম্বই ও দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপেও গিয়েছে মৃৎশিল্পী রাজা পালের তৈরি চারটি ফাইবারের বাসন্তী প্রতিমা।

বিদেশে প্রতিমা পাঠানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। ফাইবার ও শোলার মূর্তিগুলো যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কাঠের বাক্সে থার্মোকল ও বিচালির শক্ত আবরণে মুড়ে পাঠানো হয়েছে। কুমারটুলির এই বিশ্বজোড়া খ্যাতিতে আপ্লুত শিল্পীরা। শোলা ও মৃৎশিল্পীদের মতে, আগে বাসন্তী প্রতিমা বিদেশে পাঠানোর তেমন চল না থাকলেও এবার সেই রেকর্ড ভেঙেছে, যা অত্যন্ত গর্বের বিষয়।

কুমারটুলি মৃৎশিল্পী সংগঠনের কর্মকর্তারা জানান, এই আন্তর্জাতিক চাহিদার ফলে শিল্পীদের পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হচ্ছে। কুমারটুলিতে আসা দর্শনার্থীরাও এই জীবন্ত ও দৃষ্টিনন্দন প্রতিমা তৈরির সাক্ষী থাকতে পেরে অভিভূত। দীর্ঘ ঐতিহ্যের এই শিল্প এখন কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে বিশ্বদরবারে বাংলার সংস্কৃতি ও নিপুণ কারুকার্যকে সগৌরবে তুলে ধরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *