লেটেস্ট নিউজ

ভারতে আগামী শনিবার পালিত হবে খুশির ইদ, তারিখ ঘোষণা করল নাখোদা মসজিদ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার নাখোদা মসজিদের মারকাজি রুহিয়াত-এ-হিলাল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১৪৪৭ হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে চলতি বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। সেই অনুযায়ী আগামী ২১ মার্চ, শনিবার ভারতজুড়ে যথাযথ মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ইদ-উল-ফিতর। দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনা ও ত্যাগের পর এই উৎসব মুসলিম সম্প্রদায়ের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ইসলামী বিশ্বাস অনুযায়ী, রমজান মাসেই পবিত্র কোরান অবতীর্ণ হয়েছিল। ইদ-উল-ফিতর শব্দের অর্থ হলো উপবাস ভঙ্গের উৎসব। সারা মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা প্রার্থনা করেন, এই দিনে তাদের অতীতের পাপ মার্জনা করা হয় বলে বিশ্বাস করা হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এই উৎসবের দিন নির্ধারিত হয়ে থাকে।

ইদের দিন সকালে নতুন পোশাকে মসজিদে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষ। এরপর একে অপরকে আলিঙ্গন ও শুভেচ্ছার মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। ঘরে ঘরে রকমারি সুস্বাদু খাবারের আয়োজন এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে উৎসবের আমেজ পূর্ণতা পায়। এই দিনটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আনন্দ, ক্ষমা এবং কৃতজ্ঞতা প্রকাশের এক পবিত্র মাহেন্দ্রক্ষণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *