বিজেপি প্রার্থী ‘বালিচোর’, ক্ষোভে উত্তাল কেশপুরে পোস্টার বিতর্ক – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্তকে ঘিরে তীব্র অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার দুপুরে এলাকার বিভিন্ন বিদ্যুৎবাহী খুঁটিতে তাঁকে ‘বালিচোর’ ও ‘সুবিধাবাদী’ আখ্যা দিয়ে একাধিক পোস্টার দেখা যায়। সিপিএম ও তৃণমূল থেকে বহিষ্কৃত এবং চাকরির নামে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে কেন প্রার্থী করা হলো, সেই প্রশ্ন তুলে দলীয় নেতৃত্বের জবাবদিহি দাবি করেছেন বিক্ষুব্ধরা।
বিজেপির স্থানীয় একাংশের অভিযোগ, দলের ভেতর গোষ্ঠীবিবাদ এখন চরমে পৌঁছেছে যা সংগঠনকে দুর্বল করছে। পঞ্চায়েত নির্বাচনে নিজের বুথে পরাজিত হওয়া সত্ত্বেও শুভেন্দুবাবুকে টিকিট দেওয়া নিয়ে কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এর ফলে নির্বাচনী লড়াইয়ের শুরুতেই গেরুয়া শিবির বড়সড় অস্বস্তির মুখে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত এই ঘটনাকে তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি করেছেন। যদিও তৃণমূল প্রার্থী শিউলি সাহা এই অভিযোগ উড়িয়ে দিয়ে কটাক্ষ করেছেন যে, বিজেপি প্রার্থীর চরিত্র নিয়ে তাঁদের নিজেদের নেতারাই প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, সিপিএম প্রার্থী গুরুপদ মণ্ডল একে বিজেপির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করে রাজনৈতিকভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন।

