লেটেস্ট নিউজ

আরজি করে ভয়াবহ গাফিলতি: ট্রমা কেয়ারের লিফটে আটকে প্রাণ গেল রোগীর পরিজনের – এবেলা

এবেলা ডেস্কঃ

ছেলের ভাঙা হাতের চিকিৎসার জন্য আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে মর্মান্তিক পরিণতির শিকার হলেন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)। শুক্রবার ভোর ৫টা নাগাদ ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে সপরিবারে আটকে পড়েন তিনি। যান্ত্রিক ত্রুটির কারণে লিফটি বেসমেন্টে আটকে গেলে প্রায় এক ঘণ্টা সেখানে বন্দি থাকেন তারা। দীর্ঘক্ষণ আটকে থাকার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

ঘটনার খবর পেয়ে টালা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ভোরের দিকে হাসপাতালে লোকবল কম থাকায় দীর্ঘক্ষণ চিৎকার করেও কোনো সাহায্য পাওয়া যায়নি। এমনকি ট্রমা কেয়ারের মতো গুরুত্বপূর্ণ বিভাগে কোনো লিফটম্যান ছিল না বলেও অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ পরিজনেরা। এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সরকারি হাসপাতালের এই চরম গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান উপস্থিত অন্যান্য রোগীর আত্মীয়রাও। আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে এমন দুর্ঘটনা ঘটল এবং জরুরি পরিষেবা কেন সচল ছিল না, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বর্তমানে লিফটের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *