ভোটযুদ্ধে কি শুরুতেই অনেকটা পিছিয়ে গেল কংগ্রেস – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে গত ১৫ মার্চ। একে একে ঘাসফুল, পদ্ম এবং কাস্তে-হাতুড়ি শিবির তাদের সৈনিকদের নাম ঘোষণা করে দিলেও এখনও রহস্য জিইয়ে রেখেছে হাত শিবির। প্রার্থী তালিকা প্রকাশে এই অস্বাভাবিক বিলম্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক মহলের একাংশ। যেখানে অন্য দলের প্রার্থীরা দেওয়াল লিখন থেকে জনসংযোগ শুরু করে দিয়েছেন, সেখানে কংগ্রেস কেন এখনও রণক্ষেত্রের সেনাপতিদের নাম চূড়ান্ত করতে পারল না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
বিজেপি এবং বামফ্রন্ট ইতিমধ্যেই দুই দফায় প্রার্থী তালিকা প্রকাশ করে প্রচারে ঝড় তুলেছে। অন্যদিকে, কংগ্রেসের অন্দরে এখনও চলছে স্ক্রিনিং কমিটির বৈঠক। তবে এই দেরি নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় বিধান ভবন। কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, যেহেতু এটি জাতীয় দল, তাই দিল্লি হাই কমান্ড সবদিক খতিয়ে দেখে তবেই চূড়ান্ত সিলমোহর দেবে। তাঁর দাবি, প্রার্থী তালিকা ঘোষণা হতে কিছুটা সময় লাগলেও প্রচারের ব্লু-প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে। রুটি-রুজির লড়াইকে হাতিয়ার করেই খুব শীঘ্রই ময়দানে নামবে কংগ্রেস।
প্রার্থী তালিকা কি তবে দিল্লির গ্রিন সিগন্যালের অপেক্ষায় আটকে নাকি দলের অন্দরে সমীকরণ মেলাতে হিমশিম খাচ্ছে শীর্ষ নেতৃত্ব, তা নিয়ে এখন সরগরম বাংলার রাজনীতি।

