লেটেস্ট নিউজ

আসামে বিজেপি-বিরোধী মহাজোট, হিমন্তের চ্যালেঞ্জে অখিল-গৌরব সমীকরণ – এবেলা

এবেলা ডেস্কঃ

আসামে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়ে হাত মেলালেন গৌরব গগৈ এবং অখিল গগৈ। বৃহস্পতিবার রাতে যোরহাটে এক যৌথ সাংবাদিক বৈঠকে কংগ্রেস ও রাইজোর দলের মধ্যে এই নির্বাচনী জোটের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অভ্যন্তরীণ কোন্দল ও দলত্যাগের ধাক্কা সামলে কংগ্রেসের এই পদক্ষেপকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে এক শক্তিশালী ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আসনরফা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। রাইজোর দলকে ১১টি আসন ছেড়ে দিতে রাজি হয়েছে কংগ্রেস, পাশাপাশি আরও দুটি আসনে দুই দলের মধ্যে ‘বন্ধৃত্বপূর্ণ লড়াই’ হবে। অখিল গগৈ স্পষ্ট জানিয়েছেন, গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যেই এই জোট ঐক্যবদ্ধভাবে লড়াই করবে। এর ফলে আসাম জাতীয় পরিষদ ও রাইজোর দলের মতো আঞ্চলিক শক্তিগুলো এখন কংগ্রেসের ছাতার তলায়।

এই জোটের ফলে রাজ্যের ভোট সমীকরণে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। মুসলিম ভোটের পাশাপাশি এখন কংগ্রেসের মূল লক্ষ্য আসামীয়া ভূমিপুত্রদের সমর্থন আদায় করা। আগে ভূমিপুত্রদের ভোট মূলত বিজেপি ও আসাম গণ পরিষদের দিকে থাকলেও, গৌরব গগৈকে সামনে রেখে আঞ্চলিক দলগুলোর এই ঐক্যবদ্ধ অবস্থান বিজেপির জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই নতুন মেরুকরণ আসামের নির্বাচনী লড়াইকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *