নির্বাচন কমিশনের অধিকার নিয়ে হাইকোর্টে কল্যাণ, আমলা ও পুলিশ অপসারণে স্থগিতাদেশের আর্জি – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের একাধিক উচ্চপদস্থ আমলা ও পুলিশকর্তাকে ধারাবাহিক অপসারণ এবং তাঁদের ভিনরাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলপন্থী আইনজীবী অর্ক নাগের দায়ের করা জনস্বার্থ মামলায় কমিশনের এই একতিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। মামলাকারীর দাবি, এভাবে দক্ষ আধিকারিকদের ভিনরাজ্যে পাঠানোয় রাজ্যের প্রশাসনিক কাজে চরম ব্যাঘাত ঘটছে।
গত রবিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজি-সহ জেলাশাসক ও পুলিশ কমিশনার পর্যায়ের আধিকারিকদের পদ থেকে সরিয়ে দিয়েছে কমিশন। শুধু অপসারণই নয়, সংশ্লিষ্ট আধিকারিকদের এ রাজ্যে ভোটের কোনো কাজে যুক্ত না করার নির্দেশও দেওয়া হয়েছে। কমিশনের এই অতি-সক্রিয়তা নিয়ে ইতিপূর্বেই ক্ষোভ প্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ। এই গণ-বদল ও অপসারণের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। প্রশাসনিক অচলাবস্থা তৈরির আশঙ্কায় দায়ের হওয়া এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি আগামী সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

