লেটেস্ট নিউজ

ইরানের আকাশে মার্কিন এফ-৩৫ বিমানে ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টাপাল্টি দাবিতে বাড়ছে উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের আকাশসীমা লঙ্ঘন করে হামলার চেষ্টার অভিযোগে আমেরিকার অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। তেহরানের দাবি, গত বৃহস্পতিবার সকালে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে পঞ্চম প্রজন্মের এই ঘাতক বিমানটি বিধ্বস্ত হয়েছে। আইআরজিসি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভেঙে পড়েছে বলে তারা ধারণা করছে।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স ইরানের হামলার বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে, অভিযানে মোতায়েন করা একটি যুদ্ধবিমানকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়েছে। পেন্টাগনের দাবি, বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত মার্কিন ঘাঁটিতে নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রকৃত ঘটনা খতিয়ে দেখছে ওয়াশিংটন।

পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের মধ্যে এই ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে আমেরিকা ও ইসরায়েল তাদের সবচেয়ে শক্তিশালী বিমানগুলো ব্যবহার করছে। উল্লেখ্য, এর আগেও যান্ত্রিক ত্রুটি বা ভুলবশত হামলায় বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *