লেটেস্ট নিউজ

তৃণমূলের সেই অগ্নিকন্যা এবার নির্দল প্রার্থী! লাভলি-অগ্নিমিত্রার গড়ে রাজন্যার হুঙ্কার – এবেলা

এবেলা ডেস্কঃ

একসময়ের জনপ্রিয় যুবনেত্রী রাজন্যা হালদার এবার রাজনীতির ময়দানে নতুন সমীকরণে। ২১ জুলাইয়ের মঞ্চ কাঁপানো সেই ভাইরাল বক্তৃতার কারিগর এখন ঘাসফুল শিবিরের বিদ্রোহী মুখ। আরজি কর কাণ্ড থেকে শুরু করে দলের অন্দরে কুরুচিকর চক্রান্ত— সব মিলিয়ে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল অনেক আগেই। এবার ‘জনসংগ্রাম মঞ্চের’ হাত ধরে সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ, দুই হেভিওয়েট কেন্দ্রেই নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন তিনি।

প্রার্থী তালিকা ঘোষণার পরেই সরাসরি তোপ দেগেছেন শাসক দল ও বিজেপি, উভয়ের বিরুদ্ধেই। রাজন্যার দাবি, সোনারপুর দক্ষিণের রাস্তাঘাট থেকে স্বাস্থ্য— সব পরিষেবাই ভেঙে পড়েছে। অন্যদিকে, আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পলকে নিয়ে তাঁর মন্তব্য আরও বিস্ফোরক। রাজন্যার অভিযোগ, বিধায়িকাকে এলাকায় দেখাই যায় না, উল্টে তাঁর ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধেই রয়েছে একগুচ্ছ অসামাজিক কাজের অভিযোগ।

বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়ে রাজন্যা স্পষ্ট করেছেন, তিনি কোনও রাজনৈতিক দলের হয়ে নয়, লড়তে চান সাধারণ মানুষের জন্য। একসময়ে তৃণমূলের ঘরের মেয়ে হিসেবে পরিচিত রাজন্যার এই লড়াই এখন দুই কেন্দ্রের হাইভোল্টেজ লড়াইকে কোন দিকে মোড় দেয়, নজর থাকবে সেদিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *