লেটেস্ট নিউজ

বেহালায় বামেদের প্রচারে বিদ্ধ শাসকদল: বেহাল পরিষেবা ও দুর্নীতিই প্রধান হাতিয়ার – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্রে কোমর বেঁধে নেমেছে বামেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালা কলেজের নিকটবর্তী এলাকায় জনসংযোগে বেরিয়ে শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন সিপিএম প্রার্থী নীহার ভক্ত। গণপরিবহণের সংকট, রাস্তার বেহাল দশা এবং সরকারি স্কুলগুলোতে পড়ুয়া সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়াকে তিনি প্রচারের মূল ইস্যু করেছেন। কাজিপাড়া মোড় সংলগ্ন এলাকায় প্রতিটি দোকানে ও বাড়িতে গিয়ে তিনি সার্বিক নাগরিক পরিষেবা উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

নীহারবাবুর অভিযোগ, এল-৭ বা ১২-ডি-র মতো একাধিক গুরুত্বপূর্ণ সরকারি বাস রুট বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। রাতের দিকে অটোচালকদের দৌরাত্ম্য ও অতিরিক্ত ভাড়ার সমস্যায় জেরবার নিত্যযাত্রীরা। ১২৭ নম্বর ওয়ার্ডসহ পর্ণশ্রী ও বিজি প্রেস এলাকার রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি, প্রাক্তন শিক্ষামন্ত্রীর দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি জানান, গত পাঁচ বছরে রাজনৈতিক সমীকরণ বদলেছে এবং মানুষ এবার যোগ্য জবাব দেবে।

নির্বাচনী লড়াইয়ে বিজেপিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বাম শিবির। নীহার ভক্তের দাবি, বেহালায় পদ্মশিবির কোনো বড় ফ্যাক্টর নয়, কারণ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেও তাদের প্রচার সেভাবে চোখে পড়ছে না। অন্যদিকে, বেহালা পূর্বের বাম প্রার্থী ডঃ নিলয় মজুমদারও একই সুরে পরিবর্তনের ডাক দিয়েছেন। গত নির্বাচনে তৃতীয় স্থানে থাকলেও, এবার দুর্নীতি ও জনপরিষেবাকে সামনে রেখে তৃণমূলকে কড়া টক্কর দিতে মরিয়া লালপার্টির এই দুই প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *