অটো এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: নাভিশ্বাস চালকদের, বাড়তে পারে ভাড়াও – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতায় ফের এক দফা বাড়ানো হলো অটো রিকশার জ্বালানি এলপিজি গ্যাসের দাম। বৃহস্পতিবার লিটার প্রতি ৮ টাকা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে এই গ্যাসের দাম দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৮ পয়সা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে গত ২৮ ফেব্রুয়ারি এক দফায় ৫ টাকা দাম বেড়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার এই নজিরবিহীন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন অটোরিকশা চালকরা।
জ্বালানির এই লাগামহীন দাম বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের যাতায়াতের খরচ বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ভোটের মুখে এই মূল্যবৃদ্ধি নতুন করে উত্তাপ ছড়িয়েছে পরিবহন মহলে। চালকদের দাবি, জ্বালানির খরচ যে হারে বাড়ছে তাতে পুরনো ভাড়ায় অটো চালানো প্রায় আসাম্ভব হয়ে পড়ছে। ফলে দ্রুত সরকারিভাবে ভাড়া সমন্বয়ের দাবি জোরালো হচ্ছে।
মূল্যবৃদ্ধির প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী শহরতলির বিভিন্ন রুটে ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠতে শুরু করেছে। অনেক যাত্রীই নির্দিষ্ট হারের চেয়ে বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে এবং তেলের দাম না কমলে আগামী দিনে সাধারণ যাত্রীদের পকেটে যে বড়সড় টান পড়তে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

