লেটেস্ট নিউজ

উলুবেড়িয়ায় পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি: স্ত্রী ও সন্তানকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার উলুবেড়িয়া থানার বাণীতলায় পারিবারিক বিবাদের জেরে ঘুমন্ত স্ত্রী ও বড় ছেলেকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মৃতদের নাম অপর্ণা মুখোপাধ্যায় (৩৮) ও প্রণব মুখোপাধ্যায় (১৮)। অভিযুক্ত প্রদীপ মুখোপাধ্যায় নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং তার ছোড়া কাটারির আঘাতে ছোট ছেলেও গুরুতর জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই পরিবারে অশান্তি চলছিল। ঘটনার রাতে প্রদীপ ঘরের চালের টালি খুলে ভেতরে ঢুকে ঘুমন্ত স্ত্রী ও সন্তানদের ওপর আচমকা হামলা চালায়। প্রাণ বাঁচাতে ছোট ছেলে ঘর থেকে পালানোর চেষ্টা করলেও কাটারির আঘাতে সে আহত হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উলুবেড়িয়া থানার পুলিশ।

পুলিশ এসে রক্তাক্ত দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। বর্তমানে অভিযুক্ত প্রদীপ ও তার ছোট ছেলে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপের মাকে আটক করা হয়েছে। ঠিক কী কারণে বিবাদ চরমে উঠেছিল এবং এই হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *