৩টি টি-টোয়েন্টি জয়ের পর এবার মিশন ওয়ানডে বিশ্বকাপ, ২০২৭ সালের জন্য ২০ জনের সংক্ষিপ্ত তালিকায় রোহিত-বিরাটও – এবেলা
এবেলা ডেস্কঃ
ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার ওয়ানডে ফরম্যাটে তৃতীয় নক্ষত্র খচিত জার্সির লক্ষ্যে কোমর বেঁধে নামছে বিসিসিআই। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই ২০ জন সম্ভাব্য ক্রিকেটারের একটি তালিকা তৈরি করেছেন নির্বাচকরা। আসন্ন আইপিএল ২০২৬-এর পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপের মূল রূপরেখা।
সূত্রের খবর অনুযায়ী, নির্বাচক কমিটির সদস্যরা আইপিএলের প্রতিটি ম্যাচে কড়া নজর রাখবেন। বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের লড়াই দিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের পাশাপাশি তরুণ তুর্কিদের ফর্মও খতিয়ে দেখা হবে। তবে ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলি শেষ পর্যন্ত খেলবেন কি না, তা নিয়ে এখনও জল্পনা জিইয়ে রাখা হয়েছে।
নির্বাচকরা স্পষ্ট জানিয়েছেন, আপাতত লস অ্যাঞ্জেলেস অলিম্পিক বা ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, তাদের পাখির চোখ শুধুমাত্র ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। চোট সারিয়ে ফেরার অপেক্ষায় থাকা হর্ষিত রানার পাশাপাশি অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়াও রয়েছেন বিশেষ নজরে। ২০ জনের এই সংক্ষিপ্ত তালিকায় শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিংদের মতো তারকাদের নামও উঠে এসেছে। ওয়ানডে ক্রিকেটে ভারতের হারানো গৌরব পুনরুদ্ধারে এখন থেকেই ব্লু-প্রিন্ট সাজাতে ব্যস্ত বিসিসিআই।
বিসিসিআই-এর সংক্ষিপ্ত তালিকায় থাকা ২০ ক্রিকেটার
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, কেএল রাহুল, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, ময়ঙ্ক যাদব, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।

