লেটেস্ট নিউজ

থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর, আইপ্যাক ও শাসকদলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে রণংদেহি মেজাজে ধরা দিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির টিকিট না পেয়ে ক্ষুব্ধ হওয়া প্রাক্তন প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে আইপ্যাক ও পুলিশ যোগসাজশে দল ভাঙানোর চেষ্টা করছে— এমনই বিস্ফোরক অভিযোগ তুলে সরাসরি থানায় হাজির হলেন বিরোধী দলনেতা। ডিউটি অফিসারের সামনে দাঁড়িয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু দাবি করেন, হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে বিজেপি নেতাদের প্রভাবিত করার সব রেকর্ড তাদের হাতে রয়েছে।

ঘটনার সূত্রপাত বিজেপির প্রার্থিতালিকা ঘোষণার পর থেকেই। টিকিট না পেয়ে বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় যখন কিছুটা অভিমানী, ঠিক সেই সুযোগে শাসকদল তাঁকে নিজেদের শিবিরে টানার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরেই বিশ্বনাথের বাড়িতে ছোটেন শুভেন্দু। সেখান থেকে বেরিয়ে সোজা মহিষাদল থানা। পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু সাফ জানান, নির্বাচন ঘোষণার পর কোনও বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করা প্রশাসনের সাজে না।

তমলুক ও নন্দীগ্রামেও একই কায়দায় ভয় দেখানো বা টোপ দেওয়ার কাজ চলছে বলে সরব হয়েছেন তিনি। আইপ্যাকের নাম জড়িয়ে তিনি আরও অভিযোগ করেন যে, নিয়ম ভেঙে এই সব কর্মকাণ্ড চালানো হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করে দিয়েছেন যে ক্ষোভ থাকলেও তিনি দল ছাড়ছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *