লেটেস্ট নিউজ

‘শেষ বলে ছক্কা মেরে জিতব’: রিয়েলিটি শো-র স্মৃতি উসকে আত্মবিশ্বাসী দেবাংশু – এবেলা

এবেলা ডেস্কঃ

চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। শুক্রবার হুগলির সাংসদ রচনা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎকালে তিনি নিজের একটি পুরোনো রিয়েলিটি শো-র অভিজ্ঞতার কথা স্মরণ করেন। দেবাংশু জানান, সেই প্রতিযোগিতায় শুরুতে পিছিয়ে থাকলেও শেষ রাউন্ডে তিনি জয় ছিনিয়ে এনেছিলেন। সেই একই কায়দায় চুঁচুড়াতেও শেষ মুহূর্তে ‘ছক্কা মেরে’ তিনি বিজয়ী হবেন বলে আশাবাদী।

দলীয় কোন্দল মিটিয়ে ঐক্যের বার্তা দিতে বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের বাসভবনে যান দেবাংশু। টিকিট না পেয়ে অসিতবাবুর মনে যে অভিমান জমেছিল, দীর্ঘ আলোচনার পর তার অবসান ঘটেছে। দেবাংশুকে নিজের সন্তানের মতো উল্লেখ করে বর্ষীয়ান এই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে জান লড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। অভিভাবক হিসেবে অসিতদার আশীর্বাদ পেয়ে দেবাংশুও আপ্লুত এবং আগামী কয়েক দিনের মধ্যেই তাঁদের একত্রে প্রচারে দেখা যাবে।

প্রতিপক্ষ বিজেপিকে কটাক্ষ করে দেবাংশু বলেন, তৃণমূল যাদের গুরুত্ব দেয় না, তাদেরই বিজেপি প্রার্থী করে। পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশে দেরি হওয়া নিয়ে তিনি বিদ্রূপ করে জানান, বিজেপি প্রার্থী না পেয়ে শেষ পর্যন্ত হয়তো কালীঘাটের দরজায় কড়া নাড়বে। তৃণমূলকে একটি আবেগনির্ভর ও ঐক্যবদ্ধ দল হিসেবে দাবি করে তিনি স্পষ্ট করে দেন যে, চুঁচুড়ায় বিরোধীদের কোনো স্থান নেই এবং তাঁরা সম্মিলিতভাবে জয় নিশ্চিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *