লেটেস্ট নিউজ

ভারতে প্রিমিয়াম পেট্রলের দাম বাড়াল এইচপিসিএল, লিটার প্রতি ২ টাকা বৃদ্ধি – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হলেও ভারতে সাধারণ পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। তবে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল) দেশজুড়ে প্রিমিয়াম পেট্রলের দাম লিটার প্রতি ২ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার থেকেই এই নতুন বর্ধিত দর কার্যকর করা হয়েছে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলারে পৌঁছালেও বর্তমানে তা কিছুটা কমে ১০৫ ডলারে দাঁড়িয়েছে। ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের অভিযোগ এবং জ্বালানি সরবরাহে উদ্বেগের মাঝেও পেট্রোলিয়াম মন্ত্রক আশ্বস্ত করেছে যে তেলের জোগানে কোনো ঘাটতি নেই। এইচপিসিএল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, একাধিক তেলবাহী জাহাজ আসায় সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং জনগণকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাধারণত বিলাসবহুল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন গাড়ির ইঞ্জিন এবং মাইলেজ উন্নত করতে এই প্রিমিয়াম বা ‘পাওয়ার পেট্রল’ ব্যবহার করা হয়। সংশ্লিষ্ট মহলের মতে, সাধারণ পেট্রলের দাম স্থিতিশীল থাকায় আমজনতার পকেটে সরাসরি বড় কোনো টান পড়বে না। তবে আন্তর্জাতিক বাজারের এই অস্থির পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র, যদিও আপতত অন্য কোনো জ্বালানির দাম বাড়ানোর কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *