মমতাকে হারানো আসাম্ভব এবং বিজেপি তা জানে, দাবি সঞ্জয় রাউতের – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটে জেতার অঙ্ক কষেও লাভ নেই কারণ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো শুধু কঠিন নয় বরং আসাম্ভব। শুক্রবার এমনই বিস্ফোরক দাবি করলেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত। তিনি সাফ জানান, প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে অমিত শাহ এবং খোদ মুখ্য নির্বাচন কমিশনারও জানেন যে দিদিকে হারানো যাবে না।
প্রশাসনিক রদবদল নিয়ে মোদী সরকারকে তোপ দেগে রাউত প্রশ্ন তোলেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন বেছে বেছে শীর্ষ আধিকারিকদের বদলি করা হচ্ছে? মহারাষ্ট্র বা আসামের মতো রাজ্যে কেন এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? তাঁর মতে, পুলিশের ডিজি বা কমিশনার বদলে তৃণমূল নেত্রীর জনসমর্থনে চিড় ধরানো যাবে না। দেশের মানুষ এবং বিরোধী জোটের সকলেই মমতার পাশে রয়েছেন।
এর আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্বাচন কমিশনের এই অতিসক্রিয়তাকে ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে কড়া সমালোচনা করেছিলেন। এক্স হ্যান্ডেলে তিনি অভিযোগ করেন, ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রায় ৫০ জন সিনিয়র অফিসারকে সরিয়ে দিয়ে প্রশাসনকে কবজা করতে চাইছে কেন্দ্র। এই ঘটনাকে নজিরবিহীন এবং গভীর রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তিনি।
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ৪ মে জানা যাবে বাংলার মসনদে কে বসছেন। তবে ভোটের ফল প্রকাশের আগেই সঞ্জয় রাউতের এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

