আসামে হিমন্তর অস্বস্তি বাড়িয়ে হাত মেলালেন গৌরব ও অখিল গগৈ – এবেলা
এবেলা ডেস্কঃ
আসামে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে জোট চূড়ান্ত করল কংগ্রেস ও অখিল গগৈয়ের রাইজোর দল। আসন রফা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ১১টি আসনে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। এছাড়া আরও দুটি আসনে দল দুটির মধ্যে ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ হবে বলে জানা গেছে। কংগ্রেস সাংসদ প্রদ্যুত বরদলুইয়ের দলত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে নমনীয় হয়ে এই মাস্টারস্ট্রোক দিল হাত শিবির।
বৃহস্পতিবার রাতে জোড়হাটে গৌরব গগৈয়ের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অখিল গগৈ স্পষ্ট জানিয়েছেন, গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যেই তারা সর্বশক্তি দিয়ে লড়াই করবেন। রাইজোর দল ও আসাম জাতীয় পরিষদের মতো ভূমিপুত্রদের দলগুলি কংগ্রেসের ছাতার তলায় আসায় শাসকদল বিজেপির কপালে চিন্তার ভাঁজ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জোট আসামের ভোটের লড়াইকে ত্রিমুখী থেকে দ্বিমুখীতে রূপান্তর করতে পারে। রাজ্যে প্রায় ৪০ শতাংশ মুসলিম ভোট বর্তমানে কংগ্রেসের দিকে থাকলেও, এবার ভূমিপুত্রদের ভোটব্যাঙ্কেও ভাগ বসাতে চাইছে তারা। গৌরব গগৈকে মুখ করে এগোলে আসাম গণ পরিষদের প্রভাবে থাকা ভূমিপুত্রদের ভোট কংগ্রেসের বাক্সে আসার সম্ভাবনা প্রবল। এই নতুন মেরুকরণ হিমন্ত বিশ্বশর্মার গদি রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

