লেটেস্ট নিউজ

গিরিশ পার্ক-কাণ্ড: মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা ও অশান্তিতে ধৃত ৯ জনের জেল হেফাজত – এবেলা

এবেলা ডেস্কঃ

গিরিশ পার্ক এলাকায় উত্তেজনার ঘটনায় ধৃত ৯ অভিযুক্তকে আগামী সোমবার পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার পুলিশি হেফাজত এবং জামিনের উভয় আবেদন খারিজ করে বিচারক এই সিদ্ধান্ত জানান। গত শনিবার বিজেপির ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গিরিশ পার্ক। এই ঘটনায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা এবং পুলিশ কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ ওঠে।

ধৃতদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা এবং সম্পত্তি ভাঙচুরসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত তালিকায় প্রসাদ জয়সওয়াল ও প্রসূন পাত্রসহ ৯ জন রয়েছেন। অন্যদিকে, ধৃতদের আইনজীবীর দাবি, পুরো ঘটনাটি সাজানো এবং সিসিটিভি ফুটেজসহ প্রমাণের ক্ষেত্রে আইনি অসঙ্গতি রয়েছে। এই ঘটনায় বৌবাজার থানার ওসিসহ মোট আটজন পুলিশ কর্মী আহত হন।

এদিকে গিরিশ পার্কের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। পুলিশের প্রাথমিক রিপোর্টে অসন্তোষ প্রকাশ করে নতুন করে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। বিশেষ করে মন্ত্রীর বাড়ির সামনে দীর্ঘক্ষণ অশান্তি চললেও কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি, সেই বিষয়েও কৈফিয়ত চেয়েছে কমিশন। বিজেপি ও তৃণমূল উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলে থানায় পাল্টা মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *