আরজি করের লিফটে ভয়াবহ বিভ্রাট: ট্রমা কেয়ার সেন্টারে আটকে যুবকের মৃত্যু – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে আটকে অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০) নামে দমদমের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নিজের অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে এসে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি। অভিযোগ উঠেছে, লিফটি পাঁচতলায় ওঠার সময় হঠাৎ যান্ত্রিক গোলযোগের কারণে দ্রুতবেগে নিচে নেমে বেসমেন্টে আছড়ে পড়ে। প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
মৃতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার সময় লিফটে কোনো অপারেটর ছিল না এবং দীর্ঘক্ষণ দমকল না ডাকায় উদ্ধারকাজে দেরি হয়েছে। হাসপাতালের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর আত্মীয়রা। তাদের দাবি, দীর্ঘদিল ধরেই ওই লিফটে সমস্যা থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। প্রাথমিক অনুমান, লিফটের ভেতরে আতঙ্কে হৃদ্রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে, তবে সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।
এই ঘটনার পর হাসপাতালের বিদ্যুৎ ও পূর্ত বিভাগের কাছে জরুরি রিপোর্ট তলব করেছেন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দলও বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতালে যাচ্ছেন। আরজি করের এই ঘটনায় হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে ফের বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি করলেও রোগীর পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।

