কাজী নজরুলের ভিটেয় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, অস্বস্তিতে পদ্ম শিবির – এবেলা
এবেলা ডেস্কঃ
জামুড়িয়ার চুরুলিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে চরম জনরোষের মুখে পড়লেন বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট চিকিৎসক বিজন মুখোপাধ্যায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মভিটেয় জনসংযোগ করতে গেলে ভোটাররা বিরোধী দলনেতার বিতর্কিত মন্তব্য নিয়ে প্রার্থীকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেন। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে নিয়ে করা মন্তব্যের জেরে স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন শা প্রার্থীর সামনেই ক্ষোভ উগরে দেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ডাক্তারবাবু নিজের পেশাগত পরিচিতি তুলে ধরলেও ভোটারদের মন গলাতে ব্যর্থ হন।
প্রচার চলাকালীন বিজেপির অন্দরের সমন্বয়হীনতাও প্রকাশ্যে চলে আসে। বিদ্রোহী কবির মূর্তিতে মাল্যদান করার সময় বিজেপি কর্মীরা ‘কবিগুরু লহ প্রণাম’ স্লোগান দিলে স্থানীয়দের মধ্যে হাসাহাসি শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামকে গুলিয়ে ফেলায় দলের ভাবমূর্তি সংকটে পড়ে। এছাড়া দলের পুরনো কর্মীদের একাংশও প্রার্থীর কাছে ব্রাত্য থাকার অভিযোগ তোলেন। পঞ্চায়েত নির্বাচনে পরাজয়ের পর দলের অসহযোগিতার কথা জানিয়ে সিরাজুলের মতো কর্মীরা এদিন নিজেদের আক্ষেপ প্রকাশ করেন।
তৃণমূলের গড় হিসেবে পরিচিত এই এলাকায় ফাটল ধরাতে গিয়ে বিজন বাবুকে একের পর এক কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হয়। একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের প্রতিশ্রুতি দিলেও সাধারণ ভোটারদের মধ্যে তার বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়নি। রানিগঞ্জে গত নির্বাচনে পরাজিত হওয়ার পর এবার জামুড়িয়ায় ভাগ্য পরীক্ষায় নেমেছেন তিনি। তবে কবির ভিটেয় প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের এই ‘বিদ্রোহ’ পদ্ম শিবিরের দুশ্চিন্তা বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

