লেটেস্ট নিউজ

বামেদের দ্বিতীয় তালিকায় তরুণ মুখের জয়গান, বালিগঞ্জে প্রার্থী আফরিন বেগম – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য রাজনীতিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং বিধানসভার শূন্যতা কাটাতে আবারও তারুণ্যের ওপরই ভরসা রাখল বামফ্রন্ট। বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় দফার ৩২ জন প্রার্থীর তালিকায় একঝাঁক নতুন মুখ নজর কেড়েছে। এই দফায় বালিগঞ্জ কেন্দ্র থেকে কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক আফরিন বেগম। অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রে অভিজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাসের ওপর আস্থা রেখেছে আলিমুদ্দিন।

আসন্ন নির্বাচনে জোটের সমীকরণ বজায় রেখে সিপিএম এবার চারটি আসন শরিকদের জন্য ছেড়েছে। এর মধ্যে আরএসপি-কে একটি এবং সিপিআই-কে তিনটি আসন দেওয়া হয়েছে। বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো, নন্দীগ্রামের মতো হাই-প্রোফাইল আসনটি এবার শরিক দল সিপিআই-এর জন্য বরাদ্দ করা হয়েছে, যেখান থেকে লড়াই করবেন শান্তি গিরি। এছাড়া টালিগঞ্জ কেন্দ্রে পার্থপ্রতিম বিশ্বাসকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বাম নেতৃত্ব।

গত দেড় দশকে ভোটব্যাঙ্কে ধস নামায় এবার হারানো জমি পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছে মহম্মদ সেলিমরা। প্রথম দফার ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় তালিকাতেও স্বচ্ছ ভাবমূর্তি ও লড়াকু ছাত্র-যুব প্রতিনিধিদের প্রাধান্য দেওয়া হয়েছে। হেভিওয়েট কেন্দ্রগুলোতে পরিচিত মুখের পাশাপাশি নতুনদের সুযোগ করে দিয়ে সাধারণ ভোটারদের কাছে পৌঁছানোই এখন বামেদের মূল লক্ষ্য। এখন দেখার, এই নতুন ব্রিগেড নির্বাচনী ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *