গ্যাস সংকটে উত্তপ্ত জাকারিয়া স্ট্রিট: টান পড়ছে ভোজনরসিকদের পকেটে – এবেলা
এবেলা ডেস্কঃ
রমজানের আবহে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে কলকাতার জাকারিয়া স্ট্রিট, কিন্তু রান্নার গ্যাসের তীব্র সংকটে ফিকে হচ্ছে উৎসবের আনন্দ। সিলিন্ডারের আকাশছোঁয়া দাম ও জোগানের অভাবে বিপাকে পড়েছেন খাদ্য বিক্রেতারা। পরিস্থিতি সামাল দিতে অনেকেই বাধ্য হয়ে চিরাচরিত গ্যাসের বদলে কাঠ-কয়লার চুলায় রান্না শুরু করেছেন। ফলে গত বছরের তুলনায় খাবারের দাম যেমন বেড়েছে, তেমনই কমেছে পরিমাণের সামঞ্জস্য।
হালিম থেকে বিশাল পরোটা—সবকিছুর দামই এখন সাধারণের নাগালের বাইরে। বিক্রেতাদের দাবি, কালোবাজারে চড়া দামে সিলিন্ডার কিনতে হওয়ায় লাভ রাখা আসাম্ভব হয়ে পড়ছে। ৩০০ থেকে ৩৫০ টাকার হালিমেও তৃপ্তি পাচ্ছেন না ক্রেতারা। চিকেনের লেগ পিস বা বোনলেস মাংসের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করছেন অনেক নিয়মিত দর্শনার্থী। মজুত গ্যাস শেষ হয়ে আসায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
চড়া দামের প্রভাবে অনেকেই এখন দামী খাবারের বদলে ‘মহব্বত কা শরবত’ খেয়েই রসনাতৃপ্তি সারছেন। শরবতের ওপর গ্যাসের প্রভাব না থাকায় এর দাম ও চাহিদা স্থিতিশীল রয়েছে। অনেক খাদ্যরসিক মানুষ বর্তমান অগ্নিমূল্যের বাজারে ভারী ভূরিভোজ এড়িয়ে চলছেন। সব মিলিয়ে, গ্যাস সংকটের ছায়ায় এবার জাকারিয়া স্ট্রিটের ঐতিহ্যবাহী ইফতারি ও খাবারের স্বাদ সাধারণ মানুষের জন্য বেশ ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে।

