লেটেস্ট নিউজ

১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আয়কর আইন, কর ফাঁকিবাজদের জন্য কড়া বার্তা নির্মলার – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউ দিল্লি: আগামী ১ এপ্রিল থেকে দেশজুড়ে কার্যকর হতে চলেছে নতুন আয়কর আইন ২০২৫। ১৯৬১ সালের পুরনো আইনের বদলে আসা এই নতুন ব্যবস্থায় করদাতাদের হয়রানি কমাতে এবং স্বচ্ছতা বাড়াতে একাধিক বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। শুক্রবার ‘প্রারম্ভ ২০২৬’ কর্মসূচিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়েছেন, নতুন ব্যবস্থায় সততার সঙ্গে কর দেওয়া আরও সহজ হবে, কিন্তু প্রযুক্তি ব্যবহার করে কর ফাঁকিবাজদের ধরা হবে নিমেষেই।

নতুন আইনের মূল দিকগুলি:

  • সরল ভাষা: আইনের জটিলতা কমিয়ে সাধারণ মানুষের বোধগম্য করা হয়েছে। কোনো নতুন করের হার যোগ করা হয়নি।
  • প্রযুক্তির ব্যবহার: ডেটা অ্যানালিটিক্স ও ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে কর ফাঁকি রোধে কঠোর নজরদারি চলবে।
  • সহজ পরিষেবা: করদাতাদের জন্য একটি নতুন ও আধুনিক ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে।
  • MSME সুবিধা: ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের জন্য ‘প্রিজাম্পটিভ ট্যাক্সেশন স্কিম’ আরও শক্তিশালী করা হয়েছে।

অর্থমন্ত্রী আয়কর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, করদাতাদের শত্রু নয় বরং দেশ গড়ার অংশীদার হিসেবে দেখতে হবে। সিস্টেমকে আরও মানবিক ও স্বচ্ছ করতে সংসদীয় কমিটির ১৮৪টি পরামর্শ গ্রহণ করা হয়েছে। দেশজুড়ে এই নতুন আইন নিয়ে সচেতনতা বাড়াতে রেডিও, টিভি ও ডিজিটাল মাধ্যমে প্রচার শুরু করছে সরকার।

এক নজরে অর্থমন্ত্রীর ৬টি লক্ষ্য:

১. করদাতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ।

২. সাধারণ মানুষের সময়ের গুরুত্ব দেওয়া।

৩. মামলার সংখ্যা দ্রুত কমানো।

৪. তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন।

৫. প্রযুক্তির সাহায্যে কর ফাঁকি বন্ধ করা।

৬. কর ব্যবস্থাকে সহজ ও স্বচ্ছ রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *