লেটেস্ট নিউজ

পুরভোটে টিকিট পেতে বিধানসভায় ‘অগ্নিপরীক্ষা’, কাউন্সিলারদের পারফরম্যান্সে কড়া নজর কালীঘাটের – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তৎপরতা বেড়েছে তৃণমূল শিবিরে। প্রার্থীর জয়ের পাশাপাশি এবার ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের আতশ কাচের তলায় থাকছেন স্থানীয় কাউন্সিলাররা। পাড়ায় পাড়ায় দলের প্রধান মুখ হিসেবে তাঁদের সক্রিয়তা এবং প্রচারের ভূমিকার ওপর কড়া নজর রাখছে কালীঘাট। দলীয় প্রার্থীর হয়ে কে কতটা পরিশ্রম করছেন এবং বুথভিত্তিক লিড কেমন আসছে, তার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ।

কলকাতা থেকে জেলা—সর্বত্রই প্রার্থীদের সঙ্গে কাউন্সিলারদের রুদ্ধদ্বার বৈঠক চলছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে নিচুতলায়। স্পষ্ট জানানো হয়েছে, বিধানসভা ভোটের লড়াইয়ে ফাঁকি দিলে বা নিষ্ক্রিয় থাকলে তার খেসারত দিতে হবে। কোন ওয়ার্ডে প্রচারের বহর কেমন এবং ভোটারদের সাড়া পাওয়ার ক্ষেত্রে কাউন্সিলাররা কতটা সফল, তার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করছে শীর্ষ নেতৃত্ব।

চলতি বছরের শেষেই কলকাতা-সহ একাধিক পুরসভার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা নির্বাচনে যাঁদের পারফরম্যান্স সন্তোষজনক হবে এবং বুথ থেকে আশানুরূপ লিড আসবে, তাঁরাই আগামী পুরভোটে টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। কার্যত বিধানসভা ভোটকেই কাউন্সিলারদের জন্য ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে গণ্য করছে দল। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে টিকিট হাতছাড়া হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *