নির্বাচনের মুখে নাকা তল্লাশিতে নিউটাউন ও হাওড়ায় বাজেয়াপ্ত নগদ ৪০ লক্ষ টাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ও নাকা চেকিংয়ের মধ্যে নিউটাউন এবং হাওড়ায় পৃথক অভিযানে মোট ৪০ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার নিউটাউনের সিটি সেন্টার-২ এলাকায় একটি অ্যাপ ক্যাব থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার করে বিধাননগর পুলিশের ফ্লাইং স্কোয়াড। অন্যদিকে, হাওড়ার শ্যামপুরে গাদিয়ারা লঞ্চ ঘাটের কাছে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির ব্যাগ থেকে ১৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নিউটাউনের ঘটনায় আটক ব্যক্তি উদ্ধার হওয়া বিপুল অর্থের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। নিয়ম অনুযায়ী ১০ লক্ষ টাকার বেশি উদ্ধার হওয়ায় বিষয়টি আয়কর দপ্তরের হাতে হস্তান্তর করা হয়েছে। একইভাবে হাওড়ার ঘটনায় ফলতার বাসিন্দা সৌমিত্র সাউটিয়াকে আটক করেছে শ্যামপুর থানার পুলিশ। তিনিও খড়্গপুর যাওয়ার পথে নিজের কাছে থাকা ১৫ লক্ষ টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক প্রমাণ দিতে ব্যর্থ হন।
নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি মেনে বর্তমানে সীমান্ত ও স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া নজরদারি চালানো হচ্ছে। বিধাননগর কমিশনারেট জানিয়েছে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে এই তল্লাশি অভিযান চালাচ্ছে। এর আগে গত ৫ মার্চ বাগুইআটি এলাকা থেকেও অস্ত্র উদ্ধার হয়েছিল। ভোটের আগে কালো টাকার ব্যবহার রুখতে জেলাজুড়ে এই নাকা চেকিং আরও জোরদার করা হয়েছে।

