লেটেস্ট নিউজ

বিতর্ক ও আইনি জটিলতায় যশ দয়াল, আরসিবি কি ছেঁটে ফেলল তারকা পেসারকে? – এবেলা

এবেলা ডেস্কঃ

গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় ভূমিকা রেখেছিলেন পেসার যশ দয়াল। তবে আসন্ন আইপিএলের আগে বিরাটের দলের অনুশীলনে তাঁর অনুপস্থিতি ঘিরে জোরালো জল্পনা শুরু হয়েছে। পাঁচ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে যৌন হেনস্তা, ধর্ষণ ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সম্প্রতি নয়ডায় অতি গোপনীয়তায় শ্বেতা পুন্দিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও আইনি জটিলতা ও গ্রেপ্তারের আশঙ্কা কাটেনি এই ক্রিকেটারের।

আরসিবি কর্তৃপক্ষ দয়ালের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে নেটিজেনদের নজরে এসেছে যে, দলের অফিশিয়াল বাসেও এই পেসারের কোনো ছবি নেই। গতবার ১৫ ম্যাচে ১৩ উইকেট নেওয়া এই ক্রিকেটারকে বিতর্ক এড়াতে ফ্র্যাঞ্চাইজিটি বাদ দিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনুশীলনে দলের সব তারকা যোগ দিলেও দয়ালের অনুপস্থিতি এবং তাঁকে নিয়ে কর্তৃপক্ষের নীরবতা তাঁর দলে থাকা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে।

এমনিতেই গত আসরের শিরোপা জয়ের উদযাপনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় বেশ চাপে রয়েছে আরসিবি। আগামী ২৮ মার্চ ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রজত পাতিদারদের প্রথম ম্যাচে নামার কথা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে কোনো বিতর্কে জড়াতে চাইছে না বেঙ্গালুরু শিবির। ফলে আইনি পঙ্কে নিমজ্জিত যশ দয়ালকে সরিয়ে রেখেই ফ্র্যাঞ্চাইজিটি এবারের আসরে মাঠে নামার পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *