আরজি কর নির্যাতিতার মা কি এবার বিজেপির তুরুপের তাস! শুভেন্দুর বড় ঘোষণায় তোলপাড় রাজ্য রাজনীতি – এবেলা
এবেলা ডেস্কঃ
জলহাটি বিধানসভা উপনির্বাচনে আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের মায়ের প্রার্থী হওয়া নিয়ে তুঙ্গে জল্পনা। খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই জল্পনায় সিলমোহর দিয়ে জানিয়েছেন, নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার লড়াইয়ে নির্যাতিতার মায়ের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত।
বিজেপির অন্দরে খবর, জলহাটি আসন থেকে লড়তে ইতিবাচক সাড়াও দিয়েছেন নির্যাতিতার মা। তিনি স্পষ্ট জানিয়েছেন, মেয়ের খুনের বিচার পেতে এবং আগামী দিনে এমন নৃশংসতা রুখতে তিনি রাজনৈতিক ময়দানে নামতে প্রস্তুত। একই সঙ্গে সিপিএম-এর বিরুদ্ধে মেয়ের মৃত্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, নির্যাতিতার মা প্রার্থী হলে আরজি কর ইস্যু ফের জনমানসে টাটকা হয়ে উঠবে। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সমর্থন এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। তবে দলের একাংশ মনে করছে, সরাসরি নির্বাচনে না নামিয়ে তাঁকে রাজ্যজুড়ে প্রতিবাদের মুখ হিসেবে ব্যবহার করা বেশি কার্যকর হতে পারে। গেরুয়া শিবিরের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ।

