রাজ্যজুড়ে অকাল দুর্যোগের ভ্রুকুটি, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
চৈত্র মাসেও বৃষ্টির দাপট অব্যহত রাজ্যে। শুক্রবার রাতের টানা বৃষ্টির পর শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, হুগলি, হাওড়া ও মুর্শিদাবাদে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস বজায় থাকছে।
উত্তরবঙ্গের আবহাওয়াও সমান উদ্বেগজনক। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলোতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবারও এই বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানানো হয়েছে।
অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে সৃষ্ট এই দুর্যোগের কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। ফলে মৎস্যজীবীদের শনিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই অকাল দুর্যোগে রাজ্যের সাধারণ জনজীবন ও কৃষিকাজে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। আবহাওয়া দপ্তর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।

.jpg.webp?ssl=1)