ভোটার তালিকায় গরমিল? স্বচ্ছতা ফেরাতে রাজ্যে পৃথক ট্রাইব্যুনাল গঠন কমিশনের – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। Supreme \titleonly কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশ মেনে রাজ্যে বিশেষ অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা বাদ পড়া সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্যই এই বিশেষ আইনি কাঠামো তৈরি করা হয়েছে।
রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—প্রায় প্রতিটি জেলার জন্য পৃথক অবসরপ্রাপ্ত বিচারপতিদের অ্যাপেলেট অথরিটি হিসেবে নিয়োগ করা হয়েছে। ভোটার তালিকা নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তারা এখন থেকে এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন। সংশ্লিষ্ট বিচারিক আধিকারিকদের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে এখানে আপিল করা যাবে। উত্তর ২৪ পরগনা, কলকাতা ও পূর্ব মেদিনীপুরের মতো গুরুত্বপূর্ণ জেলাগুলোও এই ব্যবস্থার আওতায় থাকছে।
অভিযোগ জানানোর জন্য কমিশন দুটি সহজ পথ খোলা রেখেছে। নাগরিকরা সরাসরি ‘ECI NET’ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা জেলা প্রশাসনের (DM/SDM/SDO) দপ্তরে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। ট্রাইব্যুনালগুলো অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট জেলার সমস্ত আপিল নিষ্পত্তি হওয়া পর্যন্ত এগুলি সচল থাকবে। নির্বাচনের আগে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই এই তৎপরতা শুরু করেছে কমিশন।

