আমেরিকা কি ইরানের হাতে তুলে দিচ্ছে যুদ্ধের গোপন তথ্য? মুখ খুলল রাশিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের উত্তাপের মাঝে এক বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত নাকি ট্রাম্প প্রশাসনের কাছে এক গোপন ‘ডিল’-এর প্রস্তাব দিয়েছিলেন। শর্ত ছিল একটাই— আমেরিকা যদি ইউক্রেনকে সাহায্য করা বন্ধ করে, তবে রাশিয়াও ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া থামিয়ে দেবে।
তবে এই দাবিকে পুরোপুরি ‘ভিত্তিহীন’ এবং ‘ভুয়ো খবর’ বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। রুশ দূত কিরিল দিমিত্রিয়েভ সরাসরি এই রিপোর্ট খারিজ করে জানিয়েছেন, এটি ইউক্রেনপন্থী প্রচারের একটি অংশ মাত্র। অন্যদিকে রিপাবলিকান সাংসদ আন্না পলিনা লুনাও দাবি করেছেন, দুই দেশের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতেই এই ধরনের মনগড়া তথ্য ছড়ানো হচ্ছে।
এর আগে অভিযোগ উঠেছিল, ইরানকে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানের অবস্থান জানিয়ে সাহায্য করছে মস্কো। যদিও হোয়াইট হাউস এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, খোদ ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। আপাতত রাশিয়া ও আমেরিকার এই চাপানউতোর ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে।

